পাবনায় ছাত্রলীগ-যুবলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার
শরিফুল হাসান
পাবনায় জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় করা মামলায় বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এঁরা হলেন পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হায়দার এবং যুবলীগের সুজন, সারোয়ার হোসেন ও আবদুল মান্নান।পুলিশ জানায়, মামুনকে রাত সাড়ে আটটার দিকে ও অপর তিনজনকে রাত ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। সুজন ও মামুন যথাক্রমে মামলার ২৭ ও ২৮ নম্বর আসামি। এ নিয়ে ওই মামলায় পাঁচজন গ্রেপ্তার হলেন। এর আগে গ্রেপ্তার হন জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক রায়হান।গত শুক্রবারের ওই পরীক্ষা ভণ্ডুল ও পরীক্ষাকেন্দ্রে হামলার ঘটনায় জেলা প্রশাসনের করা দুটি মামলায় বেশ কয়েকজনের নামোল্লেখসহ ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়। পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় জড়িত থাকায় রায়হানসহ যুবলীগের চার নেতাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলেও ছাত্রলীগের কারও বিরুদ্ধে সাংগঠনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। কারা কারা ঘটনার সঙ্গে জড়িত, সেটি চিহ্নিত করার চেষ্টা চলছে। অচিরেই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’ব্যবস্থা নেয়নি পুলিশ: জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, ওই নিয়োগ পরীক্ষা ছিল ১৭ সেপ্টেম্বর। নির্বাহী ম্যাজিস্ট্রেট মইনুল হাসান এ পরীক্ষার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ১৪ সেপ্টেম্বর পুলিশ সুপারকে চিঠি দেন। কিন্তু পরীক্ষার কেন্দ্রগুলোতে যথাযথ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।



