পাখির জন্য ভালোবাসা

Spread the love

শরিফুল হাসান


একটু উষ্ণতা দেওয়ার জন্য কিছুক্ষণ পর পর তাঁরা পাখিটিকে চায়ের দোকানের চুলোর পাশে নিয়ে যাচ্ছিলেন। ওষুধও খাওয়াচ্ছিলেন ফোঁটা ফোঁটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তিন নেতার মাজারের পাশে ঘটেছে ঘটনাটি। একটি পাখিকে বাঁচিয়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রের এই প্রচেষ্টা চোখে লাগার মতো।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ আল মাসুদ, তাঁর বন্ধু শিপন বিশ্বাস, সালেনুর রহমানসহ আরও কয়েকজন তরুণের এই মানবিক চেষ্টায় সমর্থন দিচ্ছিলেন আশপাশের কিছু মানুষও। মাসুদ প্রথম আলোকে জানান, তাঁরা কয়েক বন্ধু প্রতিদিনই তিন নেতার মাজারের আশপাশে বিকেলে হাঁটতে যান। গতকাল রোববার এখানে এসে তাঁরা একটি পাখিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন।কাছেই বঙ্গবাজারে প্রাণিসম্পদ হাসপাতাল। তরুণেরা জানান, পাখিটিকে বাঁচাতে তাঁরা চিকিৎসকের কাছে ছুটে গেলেন। চিকিৎসক শহিদুল ইসলাম ওষুধ (গ্লুকোজ-জাতীয়) লিখে দেন। আধা ঘণ্টা পর পর খাওয়ানোর পরামর্শ দেন। ওষুধ নিয়ে তরুণেরা চলে আসেন ক্যাম্পাসে, তিন নেতার মাজারের পাশে।পাখিটিকে এখন কোথায় রাখবেন জানতে চাইলে মাসুদ বলেন, ‘হলে তো রাখা যাবে না। তাই বাসায় রাখার ব্যবস্থা করেছি।’ কার বাসায় জানতে চাইলে তিনি বলেন, ‘চায়ের দোকানের কর্মী সুজনের। ওকে বলেছি, তোর বাসায় রাখ। তোকে খরচের টাকা দেব। সুস্থ হলে আবার পাখিটিকে ছেড়ে দেব।’জানতে চাইলে চিকিৎসক শহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘দেখে মনে হয়েছে, এটি শীতে কাবু হয়ে গেছে। শরীরের কোথাও আঘাত ছিল না। ডেক্সট্রোজ (গ্লুকোজ-জাতীয়) দিয়েছি। এটি খাওয়ালে পাখিটি আস্তে আস্তে শক্তি ফিরে পাবে।’পাখি বিশেষজ্ঞ শরীফ খান বর্ণনা শুনে জানালেন, এটি ভুবন চিল। ইংরেজি নাম ব্ল্যাক কাইট। ঘরে ফেরার আগে শেষ বিকেলে এরা ঝাঁক বেঁধে আকাশে ঘুরে বেড়ায়। সকালে এরা আবার শহর ত্যাগ করে বিভিন্ন জায়গায় খাবারের সন্ধানে চলে যায়। সন্ধ্যায় আবার ফেরে। তিনি বলেন, কয়েক দিন খেতে না পারলে এই চিল দুর্বল হয়ে পড়ে। এটির ক্ষেত্রেও সম্ভবত তা-ই হয়েছে। বাংলাদেশে দুই ধরনের ভুবন চিল আসে। একটি আমাদের নিজেদের, অন্যটি বাইরে থেকে অতিথি হিসেবে আসে। ঢাকা শহরের কমলাপুর এলাকায় এই পাখির কিছু বাসাও দেখা যায়। ‘পাখির প্রতি এমন ভালোবাসা সবার থাকলে আমাদের দেশে অনেক পাখি যেমন টিকে থাকবে, তেমনি আমাদের পরিবেশও ঠিক থাকবে’—তরুণদের ধন্যবাদ দিয়ে এমন আশা প্রকাশ করলেন শরীফ খান।

Leave a Reply

Your email address will not be published.