দান, নাকি শো অফ?

Spread the love

30 December 2016 · 

বহুদিন পর ইত্যাদি দেখছি। শীতে কম্বল বিতরণ নিয়ে একটা প্রোগ্রাম ছিল এবার। তাতে দেখানো হয়েছে এক কম্বল বিক্রেতা প্যাকেজসহ কম্বল বিক্রি করেন যাতে কম্বল বিতরণের খবর গণমাধ্যমে আসা পর্যন্ত দায়িত্ব নেয়া হয়। এটাই আসলে এখনকার বাংলাদেশের চিত্র।

আজ সকা‌লে একজন ফেসবুকে নক ক‌রে‌ছেন। কম্বল বিতরণ নি‌য়ে। আমি এবা‌রের শীতে চতুর্থ কা‌রো কাছ থেকে নক পেলাম যারা ফোন দি‌য়ে বা ফেসবুকে বলেছেন ভাই কম্বল বিতরণ করেছি। আপনার ইমেইলে একটা প্রেস রিলিজ দিয়েছি। একটু নিউজটা ছেপে দিয়েন।

আমি প্রত্যেককে বলেছি ভাই খুব ভালো কাজ করেছেন। কিন্তু দান করার খবর তো প্রচারের কিছু নেই। তারা কিছুটা লজ্জিত হয়ে বলে না আমরা আসলে চাই অন্যরা যেন উৎসাহিত হয়। আমি তখন বলি ভাই যে দেয়ার এমনি দেবে। নিউজ দেখে না। এরপর আর কথা আগায় না।

তবে আজ যাকে এই কথাটা বললাম তিনি আন্তরিকভাবে বললেন ভাই আপনাকে ধন্যবাদ। আর কেউ এভাবে সরাসরি বলেনি। আর কখনো কম্বল বিতরণ করে আওয়াজ করবো না। তার উত্তর শুনে ভালো লাগলো।

আপনারা যারা শীত এলে কম্বল বিতরণ করেণ তাদের কাছে আমার তিনটা অনুরোধ। প্রথম অনুরোধ আপনারা শীত আসার মাসখানেক আগেই কম্বল দিয়ে দেন। তাহলে আসলেই গরিব মানুষগুলোর কাজে আসবে।

দ্বিতীয় অনুরোধ আপনারা অনেক মানুষকে পাতলা পাতলা ওই কম্বলগুলো না দিয়ে অন্তত একটা পরিবারকে হলেও একটু মোটাসোটা একটা ভালো কম্বল দেন। তাতে ওই পরিবারটির শুধু এবারের শীতটাই ভালো কাটবে না আগামী কয়েকবছরও লাইনে দাঁড়াতে হবে।

তৃতীয় অনুরোধ, য‌দি প্র‌তিষ্ঠা‌নের হিসেব দেয়ার দায় না থাকে আপনারা কম্বল বিতরণের খবর বা ছবি দয়া করে গণমাধ্যম এমনকি ফেসবুকেও দেবেন না। এটা দেখতে খুব বিরক্ত লাগে যে অনেকগুলো লোক ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে একজন অসহায় মানুষকে কম্বল দিচ্ছেন। বিষয়টা খুবএ পীড়াদায়ক।

এ প্রসঙ্গে আরেকটা কথা বলি। আমি প্রায় প্রতি জুমার দিনে বা ঈদের দিনে দেখি কিছু লোক দুই টাকা বা পাঁচ টাকার নোট মসজিদের সামনে দাঁড়ানো সব ভিক্ষুককে দিচ্ছেন যেন মনে হবে বিশাল কোন দানশীল। আমার কাছে এতো কুৎসিত লাগে বিষয়টা। কেন রে ভাই যাই দেবেন চুপচাপ দিয়ে দেন না।

ধর্ম‌ে যে বলা হয়েছে এমনভাবে দান করুণ যাতে ডান হাত দিয়ে দিলে বাম হাতও টের না পায় সেটা কেন এই ফেসবুক মি‌ডিয়ার যুগে এসে টের পাই। যাদের বিবেকবোধ আছে আশা করি তারা বুঝবেন। চলুন আমরা সবাই সাধ্যমতো মানুষের পাশে থাকি। দান ক‌রি। তবে অবশ্যই সেটা গোপনে। অাপ‌নি ছাড়া যেন অার কেউ না জা‌নে।

Leave a Reply

Your email address will not be published.