বেশি গেছে সংযুক্ত আরব আমিরাতে বন্ধ রয়েছে লিবিয়ার শ্রমবাজার
শরিফুল হাসান
চলতি বছরের আগস্ট মাসে ৩১ হাজার ৭৮৫ জন বাংলাদেশি চাকরি নিয়ে বিদেশে গেছেন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৬ হাজার ১৩২ জন গেছেন সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। এ ছাড়া ওমানে চার হাজার ১৩৮ ও তিন হাজার ৩২২ জন সিঙ্গাপুরে গেছেন। এ নিয়ে গত আট মাসে দুই লাখ ৬২ হাজার ৯৫৬ জন কর্মী বিদেশে গেছেন।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এসব তথ্য জানা গেছে। বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, এই সংখ্যা ইতিবাচক। আগামী মাসগুলোতে জনশক্তি রপ্তানি আরও বাড়বে। তিনি জানান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, ভিয়েতনামসহ যেসব দেশ জনশক্তি রপ্তানি করে থাকে, তাদের চেয়ে বাংলাদেশ খুব বেশি পিছিয়ে নেই। বন্ধ হয়ে যাওয়া লিবিয়ার শ্রমবাজার সম্পর্কে তিনি জানান, লিবিয়া কেবল বাংলাদেশ থেকে নয়, সব দেশ থেকেই কর্মী নেওয়া বন্ধ রেখেছে।বিএমইটির অভিবাসনসংক্রান্ত শাখা সূত্র জানায়, গত কয়েক বছরের মতো চলতি বছরের আগস্ট মাসেও সৌদি আরব ও কুয়েতের বাজারে মন্দা ছিল। তিন মাস ধরে বন্ধ আছে লিবিয়ার শ্রমবাজার। আগস্টে ৪২৮ জন সৌদি আরবে ও দুজন কুয়েতে গেছেন। এ ছাড়া বাহরাইনে এক হাজার ৯৫৯, লেবাননে এক হাজার ৭৮৪, কাতারে ৯৭৭, ইতালিতে ৬০৭ ও মিসরে ৪৯০ জন কর্মী গেছেন। একই সময়ে মালয়েশিয়া গেছেন ১০৫ জন। গত বছরের আগস্টে ৩৮ হাজার ৪৩৪ জন কর্মী বিদেশে গিয়েছিলেন।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, বর্তমানে ইউএই ছাড়াও সিঙ্গাপুর এবং ওমানের বাজার তুলনামূলক ভালো।জনশক্তি রপ্তানিকারকেরা জানান, বিশ্বমন্দার কারণে শ্রমবাজারে সংকটের সময়ে বাংলাদেশের একটি বড় বাজার ছিল লিবিয়া। কিন্তু জাল ভিসা, প্রতারণাসহ নানা কারণে সেখানে শ্রমিক পাঠানো নিয়ে সংকট সৃষ্টি হয়। সমস্যা সমাধানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধিদল চলতি বছর লিবিয়া সফর করে। এরপর কিছুদিন পরিস্থিতি ভালো থাকলেও তিন মাস ধরে লিবিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে না। এ ছাড়া বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ার বাজার এক অর্থে বন্ধই আছে।তবে মন্ত্রণালয় আশা করছে, এ বছর সব মিলিয়ে চার লাখেরও বেশি কর্মী বিদেশে যাবেন। ইতিমধ্যে জানুয়ারিতে ৩৩ হাজার ৮৪৭, ফেব্রুয়ারিতে ২৭ হাজার ৪৯, মার্চে ৩৮ হাজার ২৪৪, এপ্রিলে ৩৫ হাজার ৬৪৭, মে-তে ৩৩ হাজার ২৩৯, জুনে ৩৪ হাজার ৭৯৮ ও জুলাইয়ে ২৮ হাজার ৩৪৭ জন কর্মী বিদেশে গেছেন। ২০০৯ সালে গেছেন চার লাখ ৭৫ হাজার ২৭৮ জন। আর ২০০৮ সালে এই সংখ্যা ছিল আট লাখ ৭৫ হাজার ৫৫ জন।



