শরিফুল হাসান
জনশক্তি রপ্তানি ও বৈদেশিক অর্থপ্রবাহ (রেমিট্যান্স) চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রেকর্ড ছাড়িয়েছে। এ সময়ে মোট এক লাখ ২৮ হাজার ১৭৯ জন কর্মী বিদেশে গেছেন এবং ১৯ হাজার ২০৯ কোটি টাকা (২৩৫ কোটি মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে এসব তথ্য জানা গেছে। ২০১১ সালের প্রথম দুই মাসে বিদেশে গিয়েছিলেন ৩৩ হাজার ৩২৭ জন কর্মী। রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলার।বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, ‘এ বছরের জানুয়ারিতে ৬৭ হাজার ৭৩৮ জন কর্মী বিদেশে গেছেন। ফেব্রুয়ারিতে গেছেন ৬০ হাজার ৪৪১ জন কর্মী। গত বছরের একই সময়ের চেয়ে এই সংখ্যা দ্বিগুণ। এর মানে বিদেশে আমাদের জনশক্তির বাজার বাড়ছে। এ দুই মাসে রেমিট্যান্সও এসেছে অনেক। আমরা মনে করছি, বছরজুড়েই জনশক্তি রপ্তানি বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে।’বিএমইটির বহির্গমন শাখার তথ্য অনুযায়ী, গত দুই মাসে ৬০ হাজার ৯০৩ জন কর্মী গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এ ছাড়া ৩৭ হাজার ১৮৩ জন ওমানে, সাত হাজার ৮৫০ জন সিঙ্গাপুরে, তিন হাজার ৩৯৩ জন কাতারে, তিন হাজার ১৬৪ জন বাহরাইনে, দুই হাজার ৫২২ জন লেবাননে, এক হাজার ৯৩৮ জন মিসরে, এক হাজার ৯৭০ জন সৌদি আরবে, এক হাজার ৫৫৪ জন লিবিয়ায়, এক হাজার ২৩৮ জন ব্রুনেই, এক হাজার ৭৮ জন মরিশাস, ১৩৩ জন দক্ষিণ কোরিয়া এবং ১১৪ জন কর্মী মালয়েশিয়ায় গেছেন।বিএমইটির তথ্য অনুযায়ী, অতীতের সব রেকর্ড ভেঙে গত জানুয়ারি মাসে ১২২ কোটি ডলার অর্থাৎ নয় হাজার ৯৬৯ কোটি ৫৬ লাখ টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। অতীতে কখনো এক মাসে এত রেমিট্যান্স আসেনি। ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছে ১১৩ কোটি নয় লাখ ডলার অর্থাৎ নয় হাজার ২৩৯ কোটি ৪৫ লাখ টাকা। গত বছরের প্রথম দুই মাসে রেমিট্যান্স এসেছিল ১৩ হাজার ৯১৮ কোটি টাকা।জনশক্তি রপ্তানিকারকেরাও বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিত্রুদ্ধটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি আবুল বাশার প্রথম আলোকে বলেন, ২০১২ সালের শুরুটা খুবই ভালো। দুই মাসে অনেক লোক বিদেশে গেছেন। রেমিট্যান্সও এসেছে অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। সংযুক্ত আরব আমিরাত, ওমান, সিঙ্গাপুর সবাই বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। বন্ধ থাকা সৌদি আরব ও লিবিয়ার বাজারও খুলতে শুরু করেছে। বিষয়গুলো আশাব্যঞ্জক।



