ব্যক্তিগত বা পারিবারিক ছবি আমি একেবারেই দেই না। কিছুটা সচেতনতা তৈরি হবে এই আশায় আজ দিচ্ছি। প্রায় মাস ছয়েক পর আজকে ছেলেকে নিয়ে ঘরের কাছের একটা পার্কে গিয়েছিলাম। ওর আনন্দ দেখে মনে হয়েছে জেল থেকে মুক্তি পেয়েছে। আমার সাড়ে তিন বছরের ছেলেটা বাইরে বের হলে পুরোটাই সময়ই মাস্ক পরে থাকে। ছেলেটা পথে ঘাটে সিড়িতে কোথাও পলিথিন বা ময়লা পড়ে থাকলে ও নিজেই পরিস্কার করে।

না ওকে আলাদা করে কিছু শেখাইনি। আমার সঙ্গে যখন হাঁটতো প্লাস্টিকের কিছু দেখলে আমি সরিয়ে ফেলতাম। ছেলেটাও তাই করে। বাসার কোথাও ময়লা পড়ে থাকলে বললেই সঙ্গে সঙ্গে ময়লার ঝুড়িতে ফেলে। বাইরে বের হলে দেখি আমরা অনেক বড় মানুষেরা মাস্ক পরতে ভুলে যাই। আবার আমরা যেখানে সেখানে ময়লা ফেলি। কিন্তু আমার সাড়ে তিন বছরের ছেলেটা এসব ভুল করে না।
দোয়া করবেন ছেলেটার জন্য। আমি চাই আমার ছেলেটা সফল বা ব্যর্থ যাই হোক জীবনে, কিন্তু পৃথিবীর ভালো মানুষদের একজন হোক। নিজের সর্বস্ব বিলিয়ে মানুষের পাশে থাকুক। কারণ আমাদের চারপাশে অনেক সফল মানুষ, সেই তুলনায় ভালো মানুষ কম, উদার মানুষ কম। অথচ সেটাই দরকার। মনে রাখবেন, যতোই উপদেশ দেই না কেন, ওরা কিন্তু আপনাকে অনুসরণ করবে। কাজেই আমরা নিজেরা ভালো না হলে প্রজন্মকে ভালো করা কঠিন। কাজেই চলুন হারাম আয় ও অসততা থেকে দূরে থাকি, নিজেরা আগে মানবিক হই এবং আমাদের শিশুদের, আমাদের সন্তানদের আমরা ভালো মানুষ বানাই।

