প্রার্থীদের চমকপ্রদ আশ্বাসে নেই ভোটারের বিশ্বাস
শরিফুল হাসান
সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণার শেষ মুহূর্তে এসে প্রার্থীরা নানা চমকপ্রদ আশ্বাস দিলেও ভোটাররা সেসব আশ্বাসে আর বিশ্বাস রাখতে পারছেন না। তাই তাঁরা দেখে-শুনে-বুঝে উপযুক্ত, যোগ্য ও সৎ প্রার্থীকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন। গতকাল বুধবার গাজীপুর শহরের বিভিন্ন স্থান ঘুরে প্রার্থী ও ভোটারদের সঙ্গে আলাপ করে এ কথা জানা যায়।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গাজীপুরে মোট ৫৭টি সাধারণ ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৫৬ জন প্রার্থী। আর সংরক্ষিত ১৯টি ওয়ার্ডে ১২৮ জন নারী প্রার্থী।৫৮৬ জন প্রার্থীর প্রচারণায় সরগরম হয়ে উঠেছে গাজীপুর নগর। শহর ছেয়ে গেছে তাঁদের টাঙানো পোস্টারে। বেলা দুইটা বাজলে শুরু হয় মাইকিং। চলে রাত নয়টা পর্যন্ত। কেউ গান গেয়ে ভোট চান। কেউ বা চান ছড়ার ছন্দে। তাঁদের অনেকেরই কাটছে নির্ঘুম রাত। নগরবাসী বলছেন, কাউন্সিলর পদপ্রার্থীদের প্রতিশ্রুতির শেষ নেই। মেয়র পদপ্রার্থীদের মতো তাঁরাও তৈরি করেছেন নির্বাচনী ইশতেহার। আর তা পৌঁছে দিচ্ছেন সবার হাতে হাতে।বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, পাড়া-মহল্লায় চায়ের দোকানে কিংবা খাবারের হোটেলে কাউন্সিলর পদপ্রার্থীদের নিয়েই যেন আলোচনা বেশি। আলাপকালে অনেকেই বলেন, কোনো সমস্যা নিয়ে মেয়রের কাছে যাওয়ার সুযোগ হবে না। এ জন্য কাউন্সিলর নির্বাচনে সবচেয়ে বেশি সতর্ক তাঁরা। ভোটাররা তাই কাউন্সিলর পদপ্রার্থীদের প্রতিশ্রুতিতে আশ্বস্ত না হয়ে তাঁদের চরিত্র, সততা, আদর্শ এবং মেধা ও যোগ্যতা বিবেচনা করে ভোট দেওয়ার কথা বলছেন।২৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী আবদুল করিম রাস্তাঘাট নতুন করে নির্মাণের এবং ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী শফিকুল আমিন কোনাবাড়ী বিসিক শিল্পনগর এলাকার রাস্তাঘাটের বেহাল অবস্থা দূর করার প্রতিশ্রুতি দেন। তবে ২৬ নম্বর ওয়ার্ডের স্কুলশিক্ষক রেজাউল করিম বলেন, জনগণ এমন প্রার্থী চায়, যাঁরা নির্বাচিত হলেও মানুষের পাশে থাকবেন।



